পল্লী বিদ্যুতের ‘ঘাটতি মেটাতে’ ভুতুড়ে বিদ্যুৎ বিল
ভুক্তভোগী তুর্য বলেন, চার থেকে সাড়ে চার হাজারের বেশি বিল কোনও মাসে আসতো না। কিন্তু গত মাসে এই বিল ১০ হাজার টাকার মতো এসেছে।
জুন মাসের বিল দেওয়ার পর জমা ছিল ৬৬ টাকা। পরদিনই বকেয়া বিল দাঁড়ায় ৮১৪ টাকায়, আর এক সপ্তাহের মধ্যেই যা বেড়ে হয় ২ হাজার ২৮৪ টাকা।
মিরপুরের প্রদীপ কুমারেরও একই অভিযোগ। ডেসকোর এই গ্রাহকের দাবি, এপ্রিলে তার বিল ছিল ১৯৭০ টাকা, মে মাসে হয় ২৪০০ আর জুনে হয় ২ হাজার ৮০০ টাকা। অথচ, জুনের ১৫ দিন তিনি বাসাতেই ছিলেন না।
এ ভুক্তভোগী জানান, মাসের অর্ধেক সময় আমি বিদ্যুৎ ব্যবহার করেছি। সে হিসেবে বিল অনেক কম আসার কথা। কিন্তু সেটা হলো উল্টো।
মে জুন মাসে বেশি বিলের অভিযোগে বিক্ষোভ হয় কয়েকটি এলাকায়; যা আদালত পর্যন্ত গড়িয়েছে। পাওয়ার সেলের মহাপরিচালক জানান, বিষয়টি খতিয়ে দেখতে কাজ করছেন তারা।
তিনি বলেন, মূলত আমরা গ্রাহকদের ঠিক ভাবে সচেতন করতে পারিনি। সেই সচেতনতার অভাবেই এই বিলের ব্যাপারে তাদের কিছু ভুল বোঝাবুঝি রয়েছে।
জবাবদিহিতা না থাকায় বিদ্যুৎ কোম্পানিগুলো গ্রাহকদের জিম্মি করে বিলের বোঝা চাপাচ্ছে বলে মনে করেন অধ্যাপক শামসুল আলম।
তিনি বলেন, ভুল বোঝাবুঝি, এসব কোনো পেশাদারি কথা না। ভোক্তা বলছে তার বিদ্যুৎ বিল বেশি আসছে, এটা খতিয়ে দেখা রাষ্ট্রের মৌলিক দায়িত্ব। অভিযোগ নিয়ে যা হচ্ছে এবং অভিযোগ নিষ্পত্তিকারী কর্তৃপক্ষ যে আচরণ করছে, তা অপরাধ যোগ্য কাজ।
২০২০ সালেও দেশজুড়ে ভুতুড়ে বিলের অভিযোগে তদন্ত কমিটি করে বিদ্যুৎ বিভাগ। কারসাজির অভিযোগে কয়েকজনের শাস্তিও হয়। তবে মে-জুন আসলেই বেশি বিলের অভিযোগ থেকেই গেছে।
