আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৪
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন রাশিয়ার নিরাপত্তা পরিষদের অধীনে আয়োজিত একটি পরমাণু প্রতিরোধ বিষয়ক বৈঠকে সভাপতিত্ব করবেন। ক্রেমলিন জানিয়েছে, ইউক্রেন যখন পশ্চিমা দেশগুলোর কাছে রাশিয়ার ভেতরে আক্রমণের জন্য দীর্ঘ-পাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহারের অনুমতি চাইছে, ঠিক সেই সময় এই বৈঠকটি অনুষ্ঠিত হচ্ছে।
ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বুধবার এ বৈঠককে একটি গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে উল্লেখ করে জানান, প্রেসিডেন্ট পুতিন বৈঠকে বক্তব্য দেবেন, তবে এর অন্যান্য বিষয় ‘শীর্ষ গোপনীয়’ হিসেবে চিহ্নিত থাকবে।
সম্প্রতি রাশিয়া তার পরমাণু নীতি পুনর্বিবেচনা করছে, যেখানে নির্ধারণ করা হবে কোন পরিস্থিতিতে পরমাণু অস্ত্র ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া হতে পারে।
এর আগে সোমবার, রাশিয়ার পারমাণবিক পরীক্ষা কেন্দ্রের প্রধান আন্দ্রে সিনিৎসিন বলেন, যুক্তরাষ্ট্র পরমাণু পরীক্ষা না চালালে রাশিয়াও কোনো পরমাণু অস্ত্র পরীক্ষা করবে না।