‌‘স্যাটায়ার অ্যান্ড রিডিকিউল’ বইয়ের মোড়ক উন্মোচন করলেন ড. ইউনূস

 

‌‘স্যাটায়ার অ্যান্ড রিডিকিউল’ বইয়ের মোড়ক উন্মোচন করলেন ড. ইউনূস

জ্যেষ্ঠ প্রতিবেদক
২৬ সেপ্টেম্বর ২০২৪

মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে ‘স্যাটায়ার অ্যান্ড রিডিকিউল’ বইটির মোড়ক উন্মোচন করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এই বইটি বাংলাদেশের জুলাই গণঅভ্যুত্থান এবং স্বৈরাচারী সরকার শেখ হাসিনার পতন সম্পর্কিত ঘটনাবলির ওপর ভিত্তি করে রচিত।

যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় ২৪ সেপ্টেম্বর রাতে বইটির মোড়ক উন্মোচন করা হয়। ইক্যুয়ালিটি, ডাইভার্সিটি ও কমিউনিকেশনস অফিসার আমিনা নিয়ামত এবং আলোকচিত্র সাংবাদিক ও নেটওয়ার্ক সমন্বয়ক পারভেজ আহমেদ রনি এই তথ্য জানান।
ডঃ মোঃ ইউনূস

দৃকের প্রতিষ্ঠাতা এবং আলোকচিত্রী শহিদুল আলমের সম্পাদনায় প্রকাশিত "স্যাটায়ার অ্যান্ড রিডিকিউল" বইটি যৌথভাবে প্রকাশ করেছে দৃক পিকচার লাইব্রেরি, ইআরকি এবং বাংলাদেশ কার্টুনিস্ট অ্যাসোসিয়েশন। এই বইটিতে বাংলাদেশের জুলাই গণঅভ্যুত্থানের সময় সারা দেশের কার্টুনিস্ট ও শিল্পীরা তাদের ব্যঙ্গচিত্রের মাধ্যমে সাহসিকতার সঙ্গে প্রতিবাদী ভাষায় স্বৈরাচারের বিরুদ্ধে নিজেদের অবস্থান তুলে ধরেছেন। 

যদিও এসব ব্যঙ্গচিত্র দেশের সংবাদমাধ্যমে সীমিত ছিল, তবুও সামাজিক যোগাযোগ মাধ্যমে নাম প্রকাশ করে ও নামবিহীনভাবে তা ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। বিদ্রোহী কার্টুনিস্ট ও শিল্পীরা তাদের এই সৃজনশীল কাজের মাধ্যমে জনগণকে অনুপ্রাণিত করেছেন এবং অত্যাচারের বিরুদ্ধে সংহতি গড়ে তুলতে উল্লেখযোগ্য ভূমিকা রেখেছেন। আমরা বিশ্বাস করি, ব্যঙ্গচিত্রের এই বইটি বিদ্রোহী কার্টুনিস্টদের অবদানকে স্বীকৃতি দেওয়ার পাশাপাশি বাংলাদেশের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ দলিল হিসেবে গ্রহণ করা হবে।

বাংলাদেশ কার্টুনিস্ট অ্যাসোসিয়েশন, দৃক পিকচার লাইব্রেরি এবং ইআরকি মিলে গত আগস্টে ‘কার্টুনে বিদ্রোহ’ নামে একটি প্রদর্শনীর আয়োজন করেছিল, যেখানে এসব ব্যঙ্গচিত্র প্রদর্শিত হয়। প্রদর্শনীর দলিল হিসেবে প্রকাশিত "স্যাটায়ার অ্যান্ড রিডিকিউল" বইটি। নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূস বইটির প্রকাশনা সংশ্লিষ্ট পুরো দলকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন।